আমার অন্তরের গভীরে এক আকুতি প্রতিদিনই জেগে ওঠে-তোমার দিকে, তোমার নীরবতার দিকে। আমি সেই কথা তোমার কাছে পৌঁছে দিতে চাই, যা হয়তো তোমার মেঘে ঢাকা কঠিন হৃদয়ের আড়ালে হারিয়ে যায়। তোমার সেই হৃদয় পাথরের মতো অনমনীয়, আর আমি এই পাথরের ওপারে দাঁড়িয়ে কেবল শুনি নিজের নিঃশব্দ প্রতিধ্বনি। তবুও জানি না, আমার এই আকুল আহ্বান তোমার কানে পৌঁছায় কি না।
তুমি যখন আমার
সামনে হাসো, তখন তোমার মুখের সেই হাসিটা আমাকে বিভ্রান্ত করে। বাইরে থেকে তা এক
কোমল আলোর মতো মনে হলেও, তার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর ছায়া-একটা অব্যক্ত কষ্ট, এক নিঃশব্দ যন্ত্রণা।
তোমার সেই হাসি যেন এক আড়াল, যার ভেতরে তুমি নিজের ভেতরের বেদনা গোপন করো। আর আমি,
সেই আড়ালের ভেতর থেকে তোমার যন্ত্রণার গন্ধ পাই-একটা
অচেনা বিষণ্নতা, যা আমার নিজের হৃদয়ের ভেতরেও ঢুকে পড়ে।
আমি জানি,
তুমি নিজের একাকীত্ব লুকাতে চাও। হয়তো তুমি বিশ্বাস করো, অনুভূতির ভার ভাগ করা
মানেই দুর্বলতা প্রকাশ। কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই, তোমার কঠোরতা ভাঙতে নয়-তোমার ভারটা একটু হালকা করতে। তুমি
যদি একবার আমার চোখের ভেতর তাকাও, তবে দেখবে সেখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক
গভীর মমতা, এক অগাধ ভালোবাসা।
তুমি হয়তো ভাবো,
ভালোবাসা মানে চাওয়া-পাওয়া, অধিকার বা নিয়ন্ত্রণ। কিন্তু আমার ভালোবাসা শুধু
অনুভবের, নীরব সহচর্যের। আমি তোমাকে বদলাতে চাই না-শুধু
চাই, তুমি আমার এই হৃদয়ের আহ্বানটা শুনে নাও। আমি চাই, তোমার হৃদয়ের মেঘ একবারের
জন্য সরুক, আর তুমি অনুভব করো সেই আলো, যা আমার ভেতর থেকে প্রতিদিন তোমার দিকে
ছুটে যায়।
তুমি কি
একবারের জন্যও এই পুরুষ হৃদয়ের ব্যাকুলতাকে অনুভব করবে?
তুমি কি এক
মুহূর্তের জন্যও বিশ্বাস করবে-তোমার
কঠিন নীরবতার পেছনেও কেউ আছেন, যিনি তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে চান,
নীরবতা থেকে স্নেহের শব্দে ডেকে উঠতে চান?
আমার হৃদয় আজও
তোমার জন্যই ধ্বনিত হয়-অতৃপ্ত, অথচ
অনন্ত ভালোবাসায় পূর্ণ।

No comments:
Post a Comment