বাংলাদেশের
সাম্প্রতিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারের ইতিহাসে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আবির্ভূত হয়েছে। এই সনদে
সংবিধান সংস্কার, প্রশাসনিক কাঠামো, এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে
বিস্তারিত আলোচনা থাকলেও, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো-নারী ও শ্রমিক অধিকারের প্রশ্নে এর নীরবতা।
অধ্যাপক
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নারী অধিকার ও শ্রম খাত সংস্কারে
দুটি পৃথক কমিশন গঠন করেছিল। উভয় কমিশনই দীর্ঘ গবেষণা ও মাঠপর্যায়ের অনুসন্ধানের
মাধ্যমে সংস্কার সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন
ও সুপারিশ সরকারে জমা দেয়। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, নিরাপত্তা,
আর্থিক সুরক্ষা ও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা সংরক্ষণ-এসব
ছিল শ্রম খাত সংস্কার কমিশনের মূল প্রস্তাব। অপরদিকে, নারী সংস্কার কমিশন নারীর
সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক অংশগ্রহণ ও কর্মক্ষেত্রে সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব
দেয়।
কিন্তু
বাস্তবতায় দেখা গেল, জুলাই সনদে এই
সুপারিশগুলোর একটিও অন্তর্ভুক্ত হয়নি। এতে শুধু নারী বা শ্রমিকই নয়,
প্রান্তিক জনগোষ্ঠী ও তৃণমূলের মানুষের আকাঙ্ক্ষাও উপেক্ষিত হয়েছে।
সম্প্রতি
মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য শ্রমিকের মৃত্যু আমাদের সামনে আবারও প্রশ্ন
তুলেছে-যদি শ্রম সংস্কার কমিশনের
প্রস্তাবগুলো বাস্তবায়িত হতো, তাহলে কি এদের আর্থিক সুরক্ষা থাকতো না?
তাদের পরিবার কি রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত হতো? উত্তরটি নিঃসন্দেহে বেদনাদায়ক।
একইভাবে, নারী
অধিকার নিয়েও গভীর হতাশা রয়েছে। নারী আসন, রাজনৈতিক অংশগ্রহণ কিংবা প্রান্তিক নারী
শ্রেণির নিরাপত্তা-কোনো ক্ষেত্রেই জুলাই সনদ কোনো ইতিবাচক বার্তা দেয়নি।
শিক্ষার্থী প্রাপ্তি তাপসী যথার্থই বলেছেন, “সংসদে নারী আসন নিয়ে নারীদের যে চাওয়া বা প্রত্যাশা ছিল, তার কিছুই আমরা
সনদে দেখি নাই। একইভাবে পাহাড়ি কিংবা প্রান্তিক পর্যায়ের মানুষের চাহিদারও
প্রতিফলন দেখা যায়নি।”
বিশ্লেষকরা
বলছেন, রাষ্ট্রের মূলধারায় সাধারণ ও
প্রান্তিক মানুষের চাহিদাকে অন্তর্ভুক্ত না করলে কোনো সনদই বাস্তব অর্থে
জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। জুলাই সনদে সংবিধানিক সংস্কারের তাত্ত্বিক
কাঠামো থাকলেও, মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র ও তাদের মৌলিক অধিকারের প্রতিফলন
অনুপস্থিত।
আজ যখন আমরা
নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখি, তখন প্রশ্ন উঠে-যে শ্রমিকরা এই দেশের অর্থনীতির ভিত্তি গড়ে, আর যে নারীরা সমাজের অর্ধেক
অংশ, তাদের স্বপ্ন কি এই সনদের অংশ নয়? রাষ্ট্রের সংস্কার কেবল কাগজে-কলমে
নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার মাধ্যমেই তা অর্থবহ হয়। সেই অর্থে, জুলাই
সনদ এখনো অসম্পূর্ণ-যতক্ষণ না নারী, শ্রমিক ও প্রান্তিক মানুষের অধিকার এর
কেন্দ্রে স্থান পায়।
লিখেছেনঃ
খাইরুল মামুন মিন্টু, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স
শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

No comments:
Post a Comment