Followers

Tuesday, September 2, 2025

শ্রমিকের রক্তে ভেজা একুশ শতকের বাংলাদেশ

 

বৈষম্যের শিকল ভেঙে অধিকার আদায়ের জন্য শ্রমিকেরা যুগে যুগে জীবন দিয়েছেন। তবুও রাষ্ট্রের চোখে তারা যেন মানুষ হিসেবে গণ্য হতে পারেন না, রয়ে যান কেবলই ‘শ্রমিক’ হয়ে। এই অমানবিক বাস্তবতা আবারও সামনে এসেছে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেডের (হংকং) শ্রমিক আন্দোলনে। নিজেদের ন্যায্য অধিকার অবৈধভাবে ছাঁটাই বন্ধ, বন্ধ কারখানা চালু করা এবং অন্যান্য ২৩ দফা দাবীর জন্য আন্দোলন করতে গিয়ে শ্রমিকেরা যৌথবাহিনীর নির্বিচার গুলির শিকার হয়েছেন। এই বর্বর আক্রমণে প্রাণ হারিয়েছেন হাবিবুর রহমান নামের একজন শ্রমিক এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও প্রায় ১২ জন।

হাবিবুর রহমান, যিনি নীলফামারী সদর উপজেলার কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে, তার অপরাধ কী ছিল? তিনি তো কেবল তার কাজের ন্যায্যতা চেয়েছিলেন। যে শ্রমিক তার শ্রম দিয়ে কারখানার চাকা সচল রাখে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়, সেই শ্রমিকের জীবন কি উৎপাদিত পণ্যের চেয়েও সস্তা? রাষ্ট্রের আচরণ দেখে এমন প্রশ্নই বারবার মনের মধ্যে উঁকি দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্ব ছিল শ্রমিকদের দাবীগুলো নিয়ে মালিকপক্ষের সাথে একটি আলোচনার পরিবেশ তৈরি করা এবং শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা। কিন্তু তারা তা না করে উল্টো শ্রমিকদের উপর গুলি চালিয়েছে। এমন ঘটনা নতুন নয়। অতীতেও বিভিন্ন সরকারের আমলে শ্রমিকেরা আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটের শিকার হয়েছেন। এই রক্তক্ষয়ী ইতিহাস আবারও প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্রের কাছে শ্রমিকের জীবন তুচ্ছ।

একটি কারখানার মূল্য, তার উৎপাদিত পণ্যের মূল্য এসবের চেয়ে একজন শ্রমিকের জীবনের মূল্য অনেক বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে তা ঘটে না। এই বৈষম্য আর অবজ্ঞার কারণেই শ্রমিকেরা বারবার প্রাণ হারাচ্ছেন, আর এসব হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না।

শ্রমিকের রক্ত ঝরছে, কিন্তু তার অধিকারের পথ এখনও মসৃণ হয়নি। এই নির্মম বাস্তবতা কি বদলাবে না? রাষ্ট্র কি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, অর্থাৎ শ্রমিকদের, মানুষ হিসেবে সম্মান দিতে শিখবে না? যতদিন এই প্রশ্নের উত্তর না মিলছে, ততদিন শ্রমিকদের লড়াই চলবে, আর ঝরতে থাকবে তাদের রক্ত।

লিখেছেনঃ খাইরুল মামুন মিন্টু, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

Tuesday, August 26, 2025

গ্রাম থেকে শহরে মানুষের জীবন: নিরাপত্তাহীনতা, বৈষম্য ও স্বৈরশাসনের বাস্তবতা

 

বাংলাদেশের গ্রামীণ জনপদ দীর্ঘদিন ধরে শহরমুখী অভিবাসনের চাপে ভুগছে। দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, কৃষিজীবনের অনিশ্চয়তা এসব কারণেই মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসছে। কিন্তু শহর তাদের জন্য কোনো মুক্তির ঠিকানা হতে পারেনি। বরং শহরে এসে তারা নতুন করে নিরাপত্তাহীনতা, হতাশা এবং অশান্তির মধ্যে ডুবে গেছে।

বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা হলো বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি। একটি সাধারণ পরিবার যে আয়ে জীবন-যাপন করে, তা দিয়ে প্রতিদিনের খাদ্য ও নিত্যপ্রয়োজন মেটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এর ফলে শিশুদের পুষ্টিহীনতা, শিক্ষার ব্যাঘাত এবং পারিবারিক টানাপোড়েন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।

অন্যদিকে, ধনী শ্রেণি ও ক্ষমতাসীন গোষ্ঠীর ভোগ-বিলাসের মাত্রা বহুগুণ বেড়ে চলেছে। সমাজে বৈষম্যের এমন চিত্র আজ এতটাই প্রকট যে, শহরের এক প্রান্তে মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, অন্য প্রান্তে অল্পসংখ্যক ধনী শ্রেণি অঢেল সম্পদ ভোগ করছে।

মানুষের সবচেয়ে মৌলিক অধিকার হলো মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু আজ সেই অধিকার ভয়ঙ্করভাবে খর্ব হয়েছে। সাধারণ মানুষ নিজের কষ্ট, ক্ষোভ বা প্রতিবাদ প্রকাশ করতে ভয় পাচ্ছে। কারণ, কোনো সমালোচনা বা ভিন্নমত প্রকাশ করলেই হয়তো অজানা নিপীড়নের শিকার হতে হবে। এই ভয়ের সংস্কৃতি মানুষের মনে গভীর হতাশা সৃষ্টি করেছে।

বাংলাদেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনকে বিদায় জানিয়েছিল। মানুষ ভেবেছিল, এর মধ্য দিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র এক বছরের মাথায় সেই জনগণের বিশ্বাস ভেঙে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার পরিবর্তে তারা মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে তারাও স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের পথে হাঁটছে।

বর্তমান শাসকগোষ্ঠী ধনীকুল ও বিশেষ সুবিধাভোগী শ্রেণির স্বার্থ রক্ষা করছে। ফলে সাধারণ মানুষ, শ্রমিক-কৃষক, প্রান্তিক জনগোষ্ঠী আরও কোণঠাসা হয়ে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতে কোনো উন্নয়ন নেই, বরং শোষণ ও বৈষম্য দিন দিন আরও তীব্র হচ্ছে।

আজ মানুষ শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও বন্দি হয়ে পড়েছে। তাদের বাঁচার অধিকার, মতপ্রকাশের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার সবকিছুই সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে, প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি।

বাংলাদেশে যে বৈষম্যের চিত্র আমরা দেখি, তা কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিকও বটে। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী যেই সরকারই থাকুক না কেন প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি নয়, বরং অভিজাত শ্রেণি, ধনিক গোষ্ঠী ও আন্তর্জাতিক স্বার্থবাদী শক্তির প্রতিনিধি।

শেখ হাসিনার দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসন মানুষকে দমিয়ে রেখেছিল। কিন্তু জনগণ যখন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সেই ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিল, তখন প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র এক বছরের মধ্যেই সেই প্রত্যাশাকে ধূলিসাৎ করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও তারা বাস্তবে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সাথে আপস করেছে।

ফলাফল স্বৈরতন্ত্রের নতুন রূপ। শুধু সরকারের নাম পাল্টেছে, চরিত্র পাল্টায়নি। রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ, প্রশাসনের দমননীতি, শ্রমিক আন্দোলনের দমন, বাকস্বাধীনতার সংকোচন সবই পূর্ববর্তী শাসনের মতোই চলছে।

বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যখন মানুষ নিপীড়িত হয়, তখন তারা সংগঠিত হয়ে নতুন মুক্তির পথ খুঁজে নেয়। আজকের প্রেক্ষাপটে সেই ঐতিহাসিক দায়িত্ব আবারও জনগণের কাঁধে এসে পড়েছে। শোষণমুক্ত সমাজ, প্রকৃত গণতন্ত্র এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে এগিয়ে আসতে হবে।

আজকের বাংলাদেশে গ্রাম থেকে শহরে আসা মানুষের জীবন সংগ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হয়েছে। শুধু সরকার পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়নি, হচ্ছে না। দরকার হলো প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, যেখানে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। মানুষকে মুক্তির সেই সংগ্রামে আবারো নতুন করে প্রস্তুত হতে হবে।

খাইরুল মামুন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

Monday, August 25, 2025

পোশাক শিল্পের প্রাণ: সংকটে শ্রমিকদের আবাসন

 

বাংলাদেশের পোশাক শিল্প দেশের অর্থনীতির মেরুদণ্ড। এই শিল্পের ওপর নির্ভর করে বেঁচে আছে কোটি কোটি মানুষ। কিন্তু অর্থনীতির এই চাকা যারা সচল রাখছেন, সেই গার্মেন্টস শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে প্রশ্ন রয়েই যায়। বিশেষ করে তাদের আবাসন সমস্যা অত্যন্ত প্রকট, যা তাদের স্বাস্থ্য ও সামগ্রিক জীবনযাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

একটু খেয়াল করলেই দেখা যায়, শিল্পাঞ্চলগুলোর আশেপাশে শ্রমিকরা অত্যন্ত অস্বাস্থ্যকর ও গাদাগাদি পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন। একটি ছোট ঘরে একাধিক পরিবার মিলে গাদাগাদি করে থাকা, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস নেই, নেই ন্যূনতম স্বাস্থ্যসম্মত পরিবেশ। টিনের চালার নিচে গ্রীষ্মের গরমে অতিষ্ঠ হওয়া, বর্ষায় স্যাঁতসেঁতে পরিবেশে থাকা — এসবই তাদের নিত্যদিনের চিত্র। এই ধরনের আবাসন ব্যবস্থার মূল কারণ হলো তাদের সীমিত আয়। যে সামান্য বেতন তারা পান, তা দিয়ে উন্নতমানের বাসা ভাড়া করা তাদের জন্য প্রায় অসম্ভব।

এই আবাসন সংকট শুধু যে তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করছে তা নয়, এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলছে।

  • শারীরিক অসুস্থতা: অস্বাস্থ্যকর ও গাদাগাদি পরিবেশে থাকার কারণে শ্রমিকরা সহজেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। শ্বাসকষ্ট, চর্মরোগ, পানিবাহিত রোগ এবং অন্যান্য সংক্রামক ব্যাধি তাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। রোগাক্রান্ত শরীর নিয়ে কাজে যাওয়া তাদের উৎপাদনশীলতাকে কমিয়ে দিচ্ছে।
  • মানসিক চাপ: একটি সুস্থ জীবনযাপনের জন্য মানসিক শান্তি অপরিহার্য। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, পরিবারের সদস্যদের নিয়ে একই ঘরে গাদাগাদি করে থাকা, ব্যক্তিগত স্থানের অভাব, এসব তাদের মধ্যে তীব্র মানসিক চাপ ও হতাশা তৈরি করছে। এটি তাদের পারিবারিক ও সামাজিক জীবনকেও ক্ষতিগ্রস্ত করছে।

পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা অপরিহার্য। এই সমস্যার সমাধানে সরকার, গার্মেন্টস মালিক এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা প্রদান, এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। শ্রমিকদের উন্নত জীবনযাপন নিশ্চিত করতে পারলে তা শুধু তাদের জন্যই কল্যাণকর হবে না, বরং দেশের অর্থনীতির অগ্রযাত্রাকেও আরও গতিশীল করবে।

Sunday, August 17, 2025

বাংলাদেশের পোশাক শিল্প: সমৃদ্ধির আড়ালে শ্রমিকদের দুর্দশা:

 

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো পোশাক শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে। বিশ্বজুড়ে 'মেইড ইন বাংলাদেশ' ট্যাগটি এখন একটি পরিচিত ব্র্যান্ড। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার শ্রমিকের দুর্দশার করুণ চিত্র।

গার্মেন্টস শিল্পের শ্রমিকদের অধিকাংশই নারী। গ্রামের খেটে খাওয়া মানুষগুলো শহরে আসে উন্নত জীবনের আশায়। কিন্তু তাদের স্বপ্ন অধরাই থেকে যায়। তাদের কাজের পরিবেশ, মজুরি এবং সামাজিক নিরাপত্তা—সবকিছুই অত্যন্ত নাজুক।

২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এই পরিবর্তন দেশের অর্থনৈতিক খাত, বিশেষ করে প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক শিল্প-এর ওপর গভীর প্রভাব ফেলেছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই শিল্পটি রাজনৈতিক অস্থিরতার কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই রাজনৈতিক পটপরিবর্তন দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ, উত্তেজনা এবং অনিশ্চয়তা তৈরি করে। গণআন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতিতে কিছু অঞ্চলে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, যা স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কার্যক্রমকে ব্যাহত করে। এই পরিস্থিতিতে অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়, এবং সরবরাহ শৃঙ্খল (supply chain) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্বল্প মজুরি ও কাজের চাপ:

এই শিল্পের শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের বেতন। জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়লেও মজুরি বাড়ে না সেই হারে। একজন শ্রমিকের ন্যূনতম মজুরি প্রায়ই তার পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয় না। ফলে তাদের অনেককেই দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয় অতিরিক্ত আয়ের জন্য। অতিরিক্ত কাজের চাপ, কম বিশ্রাম এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

নিরাপত্তাহীনতা ও দুর্বল ব্যবস্থাপনা:

পোশাক কারখানায় প্রায়ই অগ্নিদুর্ঘটনা এবং ভবন ধসের মতো ঘটনা ঘটে। এর কারণ হলো কারখানার দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং তদারকির অভাব। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব আইন ও নীতিমালা আছে, তার অধিকাংশই ঠিকভাবে মানা হয় না। এছাড়া, শ্রমিক ইউনিয়ন করার অধিকার থাকলেও অনেক কারখানায় শ্রমিকরা তা থেকে বঞ্চিত হয়। কোনো শ্রমিক নিজের অধিকার নিয়ে কথা বললে তাকে চাকরি হারানোর হুমকির মুখে পড়তে হয়।

সামাজিক মর্যাদা ও সুযোগ-সুবিধার অভাব:

পোশাক শিল্পের শ্রমিকরা সমাজে অনেক সময় অবহেলার শিকার হন। তারা যে দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখছেন, সেই সম্মান তাদের দেওয়া হয় না। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের জন্য যে সুযোগ-সুবিধা আছে, তার বেশিরভাগই অপ্রতুল।

বাংলাদেশের পোশাক শিল্প বৈশ্বিক বাজারে তার স্থান ধরে রেখেছে এবং ক্রমাগত এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অগ্রগতি তখনই টেকসই হবে যখন এর ভিত্তি—শ্রমিকদের জীবনমানের উন্নতি হবে। শ্রমিকদের যথাযথ মজুরি, কাজের উন্নত পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, মানবিক উন্নয়নের দিকেও আমাদের নজর দিতে হবে।

অর্ন্তবর্তীকালিন সরকারের আমলে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে শ্রমিরা যে সীমাহীন দুঃখ দুর্দশা:

গত ৫ আগস্ট ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত অর্থাৎ বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকারের আমলে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে শ্রমিরা যে সীমাহীন দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে যা বিগত সরকার গুলোর আমলের থেকে বেশী। যেমন শ্রমিকদের চাকুরিচ্যুত, কারখানা বন্ধ, মামলা, কারাবরণ এবং শ্রমিক হত্যার মত ঘটনা ঘটেছে।

ব্যাপক হারে চাকরিচ্যুতি ও কারখানা বন্ধ:

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু কারখানা স্থায়ীভাবে, কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়েছে। এই সময়ে প্রায় দুই লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছেন। শুধুমাত্র গাজীপুর শিল্পাঞ্চলে গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৭২টি কারখানা বন্ধ হয়েছে, যার ফলে প্রায় ৭৩ হাজার শ্রমিক চাকুরী হারিয়েছে। বেশীর ভাগ শ্রমিক এখনো চাকুরী না পেয়ে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে বেকার জীবন যাপন করছেন। যে সব পরিবারে এখন একজন উপার্জনক্ষম সেই পরিবারে উপার্জনক্ষম বেক্তির পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাকে কারখানায় বাড়তি শ্রম না দিলে হচ্ছে না। অর্থাৎ সুধু মাসিক বেতনের উপর নির্ভর না থেকে তাকে বাদ্ধ্যতামূলক ওভারটাইম করতে হচ্ছে। এই অতিরিক্ত কাজের চাপ, কম বিশ্রাম এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

শ্রমিক আন্দোলন ও নির্মম দমন-পীড়ন:

বেতন বৃদ্ধি, বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন বিল বৃদ্ধি সহ শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করতে গিয়ে গত বছর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে তিনজন শ্রমিক নিহত হয়েছে, শ্রমিকদের নামে কত মামলা হয়েছে এবং কতজন শ্রমিক কারাবরণ করেছেন, তার সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। তবে শ্রমিক অসন্তোষ এবং আন্দোলনে জড়িত থাকার অভিযোগে হাজার হাজার শ্রমিককে মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে এবং বহু শ্রমিককে কারাবরণ করতে হয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই শিল্পের শ্রমিকদের দুর্দশা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চাকরিচ্যুতি, কারখানা বন্ধ, মামলা, কারাবরণ এবং শ্রমিক হত্যার মতো ঘটনা শ্রমিকদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। তবে এটি স্পষ্ট যে শ্রমিকদের অধিকার আদায়ের পথটি বর্তমানে আরও কঠিন হয়ে উঠেছে।

বাংলাদেশের পোশাক শিল্প বৈশ্বিক বাজারে তার অবস্থান ধরে রেখেছে, কিন্তু এই অগ্রগতির পেছনে শ্রমিকদের সীমাহীন ত্যাগ ও দুর্দশা লুকিয়ে আছে। টেকসই উন্নয়নের জন্য শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, শ্রমিকদের জীবনমানের উন্নতি এবং তাদের অধিকার নিশ্চিত করাও জরুরি।

বাংলাদেশের পোশাক শিল্পের রাজনৈতিক অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং দেশের সামগ্রিক রাজনীতিতে এর গভীর প্রভাব রয়েছে। এই শিল্প শুধু অর্থনীতির মেরুদণ্ডই নয়, বরং রাজনৈতিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

নীতি নির্ধারণে প্রভাব:

গার্মেন্টস মালিকরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী লবি তৈরি করেছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং প্রায়শই নীতি নির্ধারণে প্রত্যক্ষ প্রভাব ফেলে। সরকারের শিল্পনীতি, শ্রম আইন এবং রপ্তানি সংক্রান্ত সিদ্ধান্তগুলোতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়।

সংসদ সদস্য হিসেবে মালিক:

অনেক গার্মেন্টস কারখানার মালিক সরাসরি রাজনীতিতে যুক্ত। তারা সংসদ সদস্য বা উচ্চ পদস্থ রাজনৈতিক নেতা হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছেন, যা তাদের রাজনৈতিক প্রভাবকে আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে, তারা তাদের ব্যবসার স্বার্থ রক্ষার জন্য সরাসরি আইন প্রণয়নে অংশ নিতে পারেন।

শ্রমিক আন্দোলন:

রাজনৈতিক অস্থিরতার সময় শ্রমিক আন্দোলন প্রায়শই সহিংস রূপ নেয়। মজুরি বৃদ্ধি, উন্নত কাজের পরিবেশ এবং অন্যান্য অধিকার আদায়ের দাবিতে শ্রমিকরা আন্দোলন করলে রাজনৈতিক দলগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অনেক সময় দেখা যায়, ক্ষমতাসীন বা বিরোধী দলের স্থানীয় নেতারা শ্রমিক অসন্তোষকে উসকে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন।

ঝুট ব্যবসা:

পোশাক কারখানার ঝুট (বাকি কাপড়) ব্যবসা একটি বড় রাজনৈতিক সংঘাতের কারণ। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এই ব্যবসা নিয়ন্ত্রণ করতে চায়। সরকার বদল হলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও রাজনৈতিক কোন্দল দেখা যায়, যা কারখানার পরিবেশকে অস্থির করে তোলে।

সহায়তা ও প্রণোদনা:

সরকার পোশাক শিল্পকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা, কর সুবিধা এবং নীতিগত সহায়তা প্রদান করে।

সাম্প্রতিক পরিবর্তন:

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গার্মেন্টস মালিকদেরকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে এটি এখনও দেখা বাকি যে এই আহ্বান কতটা কার্যকর হবে এবং কীভাবে ভবিষ্যতে এই শিল্পের রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হবে।

বাংলাদেশের পোশাক শিল্প এবং রাজনীতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সম্পর্ক একদিকে যেমন শিল্পের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করে, তেমনি অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতের উৎস হিসেবেও কাজ করে।

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নত করতে এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার ও মালিকপক্ষ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জরুরি। শুধু এক পক্ষের উদ্যোগে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং সমন্বিত পদক্ষেপই পারে এই খাতের সংকট দূর করতে।

শ্রম আইন ও এর বাস্তবায়ন:

সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর শ্রম আইন প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারে। আইনে নির্ধারিত ন্যূনতম মজুরি, কাজের সময়সীমা এবং ওভারটাইমের নিয়ম কঠোরভাবে পর্যবেক্ষণ করা উচিত। শ্রমিকদের হয়রানি ও ছাঁটাই বন্ধে সুনির্দিষ্ট আইন ও শাস্তির বিধান থাকা দরকার।

কারখানা তদারকি ও নিরাপত্তা:

বিভিন্ন সময়ে কারখানা বন্ধ এবং শ্রমিক ছাঁটাইয়ের কারণগুলো তদন্ত করে দেখা এবং দায়ী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি, অগ্নিনিরাপত্তা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন ও তদারকির ব্যবস্থা করা দরকার।

সামাজিক নিরাপত্তা:

বেকার শ্রমিকদের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা যেতে পারে, যা থেকে তারা চাকরি হারানোকালীন সময়ে আর্থিক সহায়তা পেতে পারেন। এর পাশাপাশি, শ্রমিকদের স্বাস্থ্য বীমা এবং সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা যেতে পারে।

শ্রমিক ইউনিয়ন শক্তিশালীকরণ:

শ্রমিকদের নিজেদের অধিকার নিয়ে কথা বলার জন্য শক্তিশালী ও স্বাধীন শ্রমিক ইউনিয়ন গঠনে সহায়তা করা উচিত। ইউনিয়নের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো ভয় ছাড়াই শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলতে পারেন।

বৈদেশিক চাপ ও আন্তর্জাতিক সম্পর্ক:

সরকার বিদেশি ক্রেতাদের সাথে আলোচনা করে পোশাকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কাজ করতে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সাথে যৌথভাবে শ্রমমান উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে।

ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ:

মালিকদের উচিত শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মজুরি ও বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করা। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অতিরিক্ত কাজের চাপ কমিয়ে আনা জরুরি। শ্রমিকদের মানবিক মর্যাদা দিয়ে দেখতে হবে।

শ্রমিক-বান্ধব নীতি:

মালিকদের উচিত কারখানায় এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শ্রমিকরা কোনো ভয় ছাড়াই তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারেন। শ্রমিক ছাঁটাইয়ের পরিবর্তে বিকল্প উপায় যেমন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে তাদের অন্য কাজে যুক্ত করার চেষ্টা করা যেতে পারে।

কল্যাণমূলক ব্যবস্থা:

শ্রমিকদের জন্য ভালো মানের ক্যান্টিন, শিশু দিবাযত্ন কেন্দ্র, এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা উচিত। এটি শুধু শ্রমিকদের মনোবলই বাড়াবে না, বরং উৎপাদনশীলতাও বাড়াতে সাহায্য করবে।

ত্রিপক্ষীয় আলোচনা:

সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নিয়মিত আলোচনার ব্যবস্থা করা উচিত, যেখানে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এই ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা ও সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব।

গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হবে। তাই, সরকার ও মালিকপক্ষের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া এই শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত।

লিখেছেনঃ খাইরুল মামুন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

Tuesday, July 1, 2025

শ্রমিকের রক্তে রঞ্জিত গার্মেন্টস শিল্প: হৃদয় ও জাকিরের মৃত্যু কি আমাদের চোখ খুলবে?

 

বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যে খাত আমাদের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে পরিচিত, সেই শিল্প আজ শ্রমিকের চোখের জল, ঘাম আর রক্তে ভিজে উঠছে। যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের রপ্তানি হয়, সেইখানেই শ্রমিকের জীবন হয়ে উঠেছে সবচেয়ে সস্তা।

গাজীপুরের দুটি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের পোশাক শ্রমিকদের বর্তমান নাজুক অবস্থা এবং প্রতিনিয়ত তাদের মুখোমুখি হওয়া অমানবিকতার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গত ২৮ জুন ২০২৫, গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড ফ্যাক্টরিতে হৃদয় নামের এক শ্রমিককে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় ওই কারখানায় মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

এর আগে, গত ২ জুন ২০২৫, গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া নতুন বাজার এলাকায় ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার পোশাক কারখানার শ্রমিক জাকির হোসেন লেবেল লাগাতে ভুল করায় তাকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে অপমান করা হয়। এই চরম অপমান সইতে না পেরে জাকির কারখানার আটতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

এই দুটি ঘটনা কেবল ব্যতিক্রম নয় বরং প্রতিদিনকার নীরব, অজানা অসংখ্য নির্যাতনের প্রতীক।
শ্রমিকেরা প্রতিনিয়ত কাজ করছেন ভয়, লাঞ্ছনা, মানসিক চাপে, এবং সবকিছুর ওপরে রয়েছে চাকরি হারানোর আতঙ্ক। প্রডাকশনের চাপ, ন্যায্য মজুরির অভাব, স্বাস্থ্যসেবা বা নিরাপত্তার ঘাটতি সব মিলে শ্রমিকেরা যেন এক অন্ধকার গর্তে বন্দী।

সরকার ক্ষমতায় আসার সময় বলেছিল, শ্রমিকের জীবনমান উন্নয়ন হবে। বাস্তবে হয়েছে উল্টোটা।
এই সরকারের শাসনামলে গুলি করে মারা হয়েছে তিনজন শ্রমিককে, হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন, এবং মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন আরও অনেকে। অথচ এই শিল্প দিয়ে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কিন্তু শ্রমিকেরা পাচ্ছেন না ন্যায্য সম্মান, ন্যায্য অধিকার, ন্যায্য জীবন।

আমরা কী তাহলে শুধুই উৎপাদনের যন্ত্র তৈরি করেছি — মানুষ নয়? গাজীপুরের হৃদয় আর জাকিরের মৃত্যু কি আমাদের বিবেককে নাড়া দেবে না? এখনই সময় শ্রমিককে মানুষ ভাবার, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার, শ্রমিকের সম্মান রক্ষার। না হলে গার্মেন্টস শিল্প একদিন নিজের ভিতরেই ধসে পড়বে, কারণ কোনো খাতে রক্তের দাগ বেশিদিন ঢাকা যায় না।

এই দুটি ঘটনা শ্রমিকদের প্রতিবাদের মাধ্যমেই জনসম্মুখে এসেছে। তবে, এমন ঘটনা প্রায় নিয়মিত ঘটলেও অধিকাংশই আড়ালেই থেকে যায়। পোশাক কারখানাগুলোতে উৎপাদনের চাপ, চাকরি হারানোর ভয় এবং শ্রমিকদের প্রতি অসম্মানজনক আচরণ তাদের মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বঞ্চনা ও বৈষম্যের শিকার পোশাক শ্রমিক

শ্রমিকদের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও শ্রমিকদের বঞ্চনা ও বৈষম্য আরও বেড়েছে। সরকারের ক্ষমতা গ্রহণের পর পরই তিন জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং হাজার হাজার শ্রমিকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এসব ঘটনা বাংলাদেশের পোশাক শিল্পের অন্ধকার দিককে উন্মোচন করে। শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও তাদের জীবন ও সম্মান প্রায়শই অবহেলিত থেকে যায়। এ ধরনের ঘটনা প্রমাণ করে যে, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আরও অনেক কিছু করার বাকি আছে।

খাইরুল মামুন মিন্টু

আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

Tuesday, June 3, 2025

জাতীয় নির্বাচন ২০২৫ এর একটি রোডম্যাপ

 

বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক কোন ভিত্তি নেই। তবুও যেহেতু একটা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর জরুরী মুহূর্তে বসানো হয়েছে। এই সরকার গত ৮ আগস্ট ২০২৪ তারিখে শপথ গ্রহণের মাধ্যমে গঠিত হয়েছে এবং এর প্রধান উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ ইউনূস। সর্বশেষ তথ্য অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে মোট ২২ জন উপদেষ্টা রয়েছেন। বিভিন্ন কারনে এবং বিভিন্ন ধরনের মন্তব্যের কারনে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত এবং সমালোচিত এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।

একটি সর্বজনীনভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে, আমার প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠনে উদ্যোগী হবে।

অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি নিরপক্ষ ও সবার কাছে গ্রহণ যোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করবে।

তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর ১ নভেম্বর ২০২৫ তারিখ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ২০২৫ ভোট গ্রহণ করতে হবে এবং ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।

নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ এর পর ১ জানুয়ারি ২০২৬ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমে একটি নতুন নির্বাচিত সরকার গঠনের পথ সুগম হবে।

দেশে স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ৩১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত মাঠে থাকবে। এটি নির্বাচনী প্রক্রিয়া এবং ক্ষমতা হস্তান্তরের সময়কালে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এই রোডম্যাপটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জন্য আমার ব্যক্তিগত প্রত্যাশা ও মতামতকে প্রতিফলিত করে। এটি একটি শক্তিশালী ও কার্যকরী রোডম্যাপ যা ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করতে পারে বলে আমি মনে করি।

এই রোডম্যাপ টি আমার বেক্তিগত প্রস্তাব বা মতামত।

KM Mintu

এই ধরনের সম্পর্ক কি আপনিও অনুভব করেছেন আপনার জীবনে?

 

মানুষের জীবনে এমন একজন সঙ্গী থাকা খুবই জরুরি, যিনি শুধু কথার মাধ্যমে নয়, বরং নিজেদের আচার-আচরণে এবং একে অপরের প্রতি গভীর বোধগম্যতার মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাবেন। এই সম্পর্কগুলো মুখের কথায় আবদ্ধ না থেকে হৃদয়ের গভীরে প্রোথিত হয়, যেখানে প্রেম, আবেগ আর ভালোবাসা নিরবে বয়ে চলে।

এমন একজন মানুষ, যার কাছে আপনি নিজের সুখ-দুঃখের গল্প অকপটে বলতে পারবেন, যিনি আপনার অব্যক্ত আবেগ বুঝতে পারবেন, তিনিই সত্যিকারের সঙ্গী। এখানে ভালোবাসার জন্য শব্দ চয়নের প্রয়োজন হয় না; বরং তাদের নীরব উপস্থিতিই সবথেকে বড় ভরসা হয়ে দাঁড়ায়। হয়তো একটি মৃদু স্পর্শ, একটি গভীর দৃষ্টি বা আপনার মন খারাপের সময়ে পাশে থাকার উষ্ণতা - এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের ভালোবাসার প্রগাঢ়তা প্রমাণ করে।

এই ধরনের সম্পর্কে প্রচণ্ড আবেগ কাজ করে। এই আবেগ কোনো হৈচৈ করা বা লোক দেখানো বিষয় নয়, বরং এটি আত্মার গভীরে প্রোথিত এক ধরনের টান, যা দুটি মানুষকে একে অপরের প্রতি নিবিড়ভাবে সংযুক্ত করে। এই বন্ধন এতই শক্তিশালী যে, একজন অন্যজনের মনের কথা অবলীলায় বুঝতে পারে, এমনকি না বলা কথাগুলোও তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। এই বোঝাপড়াই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে, যেখানে শুধু ভালোবাসা নয়, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং নির্ভরতাও প্রকাশ পায়।

যখন এমন একজন মানুষ জীবনে আসে, তখন মনে হয় যেন মনের গভীরের কথাগুলোও একজন বুঝতে পারছেন, সেটা সত্যিই এক অসাধারণ প্রাপ্তি। এই নীরব বোঝাপড়া আর আচরণে প্রকাশ পাওয়া ভালোবাসা আমাদের জীবনে এক অন্যরকম শান্তি আর পরিপূর্ণতা নিয়ে আসে।

এই ধরনের সম্পর্ক কি আপনিও অনুভব করেছেন আপনার জীবনে?

মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েও কেন থামছে না গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন?

শ্রমিকদের অবিশ্বাস, নেতৃত্বের সংকট এবং শ্রমিক-মালিক-সরকারের মধ্যে আস্থাহীনতাই আন্দোলন অব্যাহত থাকার অন্যতম কারণ। গার্মেন্টস শ্রমিকদের জন্য ন...