একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাথমিক এবং প্রধান শর্ত হলো তার প্রতিটি
নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাসের
মর্মান্তিক হত্যাকাণ্ড এবং পরবর্তী ঘটনাপ্রবাহ রাষ্ট্রের সেই মৌলিক দায়িত্ব পালনের
সক্ষমতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারসে যা ঘটেছে, তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং তা সমাজের এক গভীর ক্ষতের বহিঃপ্রকাশ। একজন মানুষকে কেবল ‘অভিযোগের’
ভিত্তিতে কারখানার ভেতরে ও বাইরে পিটিয়ে হত্যা করা এবং পরবর্তীতে মহাসড়কে তার লাশে
আগুন ধরিয়ে দেওয়া এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই বর্বরোচিত ঘটনা
প্রমাণ করে যে, সাধারণ মানুষের মধ্যে আইন নিজের
হাতে তুলে নেওয়ার এক ভয়ানক প্রবণতা তৈরি হয়েছে, যা মূলত রাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর অনাস্থারই ফল।
অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা ও স্থিতিশীলতা
ফিরিয়ে আনা। কিন্তু পরিসংখ্যান বলছে, গত ১৪ মাসে মব ভায়োলেন্স বা গণপিটুনিতে যে পরিমাণ প্রাণহানি ঘটেছে, তা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
যখন একের পর এক মাজারে হামলা, ব্যবসা
প্রতিষ্ঠানে ভাঙচুর, সংবাদপত্রের
কার্যালয়ে আগুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতে থাকে, তখন রাষ্ট্রের 'নীরব দর্শক' ভূমিকা তার
প্রশাসনিক ব্যর্থতাকেই স্পষ্ট করে তোলে।
রাষ্ট্র যদি কেবল একটি প্রশাসনিক কাঠামো হিসেবে টিকে থাকে কিন্তু তার
নাগরিকের জীবনের গ্যারান্টি দিতে না পারে, তবে সেই কাঠামোর নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। সাংবাদিকতা, সংস্কৃতি চর্চা এবং ভিন্নমতের ওপর ক্রমাগত আক্রমণগুলো
প্রমাণ করে যে, আইনের শাসনের বদলে পেশিশক্তির
শাসন জেঁকে বসছে।
ভালুকার সেই শ্রমিকের রক্ত এবং মহাসড়কে জ্বলা আগুন কেবল একজনের মৃত্যু নয়, বরং এটি আমাদের সামগ্রিক নিরাপত্তার ব্যর্থতার স্মারক।
ইতিহাস সাক্ষী দেয়, যে রাষ্ট্র তার
নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে
বিলম্ব করে, সেই রাষ্ট্রে অরাজকতা স্থায়ী রূপ
নেয়। বর্তমান সরকারকে কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা এবং মব ভায়োলেন্স এর বিরুদ্ধে কঠোর অবস্থানই পারে রাষ্ট্রের হারানো নৈতিক
বৈধতা পুনরদ্ধার করতে।
KM Mintu
.jpg)
No comments:
Post a Comment