Followers

Saturday, September 12, 2026

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য ও জীবনযাপনের উপযোগী মজুরির দাবিতে ধারাবাহিকভাবে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। সাভার-আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সেই দাবিতে একটি নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন।

শ্রমিকদের এই সুস্পষ্ট ও দীর্ঘদিনের দাবির মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, গার্মেন্টস মালিকদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু ব্যক্তি ও গণমাধ্যম পরিকল্পিতভাবে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিকে আড়াল করে ২০ হাজার টাকার কথা প্রচার করছে। এ ধরনের প্রচার শুধু একটি ভিন্ন অঙ্ক উপস্থাপন করা নয়; বরং এর মাধ্যমে শ্রমিকদের প্রকৃত দাবি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি এবং ন্যায্য মজুরির আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

শ্রমিকদের দাবি কী—সেটি শ্রমিকরাই নির্ধারণ করবেন। কোনো ব্যক্তি, গোষ্ঠী, মালিকপক্ষের স্বার্থসংশ্লিষ্ট মহল কিংবা তাদের অনুগত প্রচারমাধ্যম শ্রমিকদের পক্ষ থেকে দাবির অঙ্ক নির্ধারণ করে দেওয়ার অধিকার রাখে না। তাই যারা ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের ৩০ হাজার টাকার দাবিকে ২০ হাজার টাকা হিসেবে প্রচার করছেন, তাদের বক্তব্য ও ভূমিকা শ্রমিকদের চিনে রাখতে হবে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি দূর করে ঐক্য আরও শক্তিশালী করতে হবে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ উত্থাপিত দাবি নয়; এটি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের প্রয়োজন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দীর্ঘদিনের মজুরি বৈষম্যের বাস্তবতার সঙ্গে সম্পর্কিত একটি ন্যায্য দাবি।

সুতরাং মালিকপক্ষের স্বার্থে পরিচালিত বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে শ্রমিকদের নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে আরও জোরদার করতে হবে এবং সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি যত বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে উচ্চারিত হবে, সেই দাবি উপেক্ষা করা তত কঠিন হবে।

লিখেছেনঃ খাইরুল মামুন মিন্টু। শ্রমিকনেতা। 

No comments:

Post a Comment

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য ও জীবনযাপনের উপযোগী মজুরির দাবিতে ধারাবাহিকভাবে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ ...